কাউখালীর রাস উৎসবের প্রস্তুতি পরিদর্শনে ডিসি-এসপি

পিরোজপুরের কাউখালীতে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের রাস উৎসব। উৎসবটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী ও পুলিশ সুপার মো. তালেবুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা আশ্রম এলাকা পরিদর্শন করেন। এ সময় উৎসবের সার্বিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগত ভক্ত-পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উৎসব চলাকালে লাখো ভক্ত ও দর্শনার্থীর সমাগমের বিষয়টি বিবেচনায় রেখে যাতায়াত ও যোগাযোগব্যবস্থা নির্বিঘ্ন রাখা, সুশৃঙ্খল গাড়ি পার্কিং, পর্যাপ্ত জায়গায় অনুষ্ঠান আয়োজন, খাবার রান্নার ঘর স্থাপন, সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সময়োপযোগী অনুষ্ঠানসূচি প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তাঁরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আয়োজক কমিটি এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ও ওসি (তদন্ত) এবাদ আলী।
এ ছাড়া শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডলসহ আশ্রমের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, শ্রীগুরু সংঘের রাস উৎসব শুধু কাউখালী বা পিরোজপুরের নয়, এটি দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী এখানে সমবেত হন। উৎসবটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন, স্বাস্থ্যবিধি অনুসরণ, পরিচ্ছন্নতা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুলিশ সুপার মো. তালেবুর রহমান বলেন, রাস উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। আশ্রম চত্বর ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থাপনা ও সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে আয়োজক কমিটি ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
আয়োজকরা আশা করছেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় এবারের রাস উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top