পাবনার ঈশ্বরদীতে পিকনিকের নৌকা হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩৮ ঘণ্টা পর রাকিবুজ্জামান রকি নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরকুড়লিয়া গ্রামের আকাতের ঘাট এলাকার পদ্মার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
নিহত রাকিবুজ্জামান রকি ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে চরকুড়লিয়া গ্রামের আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নৌ-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে ১২৩ জন যাত্রী বহনকারী একটি পিকনিকের ট্রলার হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের গার্ডারে ধাক্কা দেয়। এতে রাকিবুজ্জামান রকিসহ তিনজন নদীতে পড়ে নিখোঁজ হন। পরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করেন। তবে রকি নিখোঁজ ছিলেন।
ট্রলারে থাকা যাত্রীরা জানান, শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ী গড়াই নদী থেকে পদ্মা নদীতে পিকনিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন শতাধিক ভ্রমণকারী। পিকনিক শেষে রাতে ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রলারটি ব্রিজের গার্ডারে ধাক্কা খায়। এ সময় রাকিসহ তিনজন নদীতে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পরপরই নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়েও রকির সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে নিখোঁজের প্রায় ৩৮ ঘণ্টা পর রোববার সকালে চরকুড়লিয়া আকাতের ঘাট এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।#
লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ট্রলার থেকে পড়ে তিনজন নিখোঁজ হন। উদ্ধার অভিযানে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। অপর নিখোঁজ ব্যক্তি রাকিবুজ্জামান রকির মরদেহ রোববার সকাল সাড়ে ১০টার দিকে চরকুড়লিয়া গ্রামের আকাতের ঘাট এলাকার পদ্মার শাখা নদী থেকে উদ্ধার করা হয়েছে।#




