ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ব্যানারে মিছিল,ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল-মাসুম (৩০)।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার চরহোসেনপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি মিছিল বের করা হয়। পরে মিছিলের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালায়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলার সদর ইউনিয়নের চরশিহারী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, মিছিলের শেষ পর্যায়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঈশ্বরগঞ্জ পৌর শহরের মৃত তাহের উদ্দিন ও রেজিয়া খাতুনের ছেলে আল-মাসুম (৩০) এবং উপজেলার ১ নম্বর ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের রুস্তম আলী ও কলসুম বেগমের ছেলে মো. সজিব মিয়া (২০)। পুলিশ জানিয়েছে, সজিব ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল করার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top