পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ফরিদপুরের আলফাডাঙ্গায় HDFB Foundation-এর উদ্যোগে ‘Tree Plantation Initiative 2026’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার পানাইল ইউনাইটেড একাডেমি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মোট ১ হাজার ২০০টি গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে পানাইল ইউনাইটেড একাডেমি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখার ছয় শতাধিক শিক্ষার্থীর মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি গাছের পরিচর্যা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের করণীয় বিষয়ে সচেতন করা হয়। এ ছাড়া বিদ্যালয়ে চারটি সিলিং ফ্যান বিতরণ, লাইব্রেরির জন্য বই প্রদান এবং একটি ট্রি প্লান্টেশন বাগান উদ্বোধন করা হয়।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন HDFB Foundation-এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মাদ সাইফুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সরওয়ার আলম, একাডেমিক সুপারভাইজার মোঃ আশরাফুল রহমান, পানাইল ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক মেহেদি হাসান, পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম জুলফিকার এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুর রহমান। এ সময় দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
HDFB Foundation-এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মাদ সাইফুর রহমান বলেন, আমরা শুধু গাছ লাগাতে চাই না; এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই, যারা পরিবেশের সমস্যা দেখার পাশাপাশি তার সমাধানের অংশ হবে।
আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় পরিবেশ রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।




