আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয়, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল, তখন সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। একজন মানুষ অর্থশালী বা বিত্তবান নয়, কিন্তু তার জনপ্রিয়তা আছে এবং সমাজে গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে যাতে সাধারণ মানুষের নির্বাচন করা সুযোগ হয়।’

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং প্রয়োজন। গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘ভোলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস আছে। সারা দেশের বর্তমানের রিজার্ভ সমান দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে, আরও গ্যাসের ভান্ডার আছে এখানে। ভোলার সাধারণ মানুষেরও গ্যাস প্রয়োজন। ভোলাবাসী অনেক দিন ধরে কষ্ট করছে। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার। তাদের দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে আমি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবো।’

এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top