সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দস্যু দমনে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্র জানায়, সুন্দরবন অঞ্চলকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা এবং উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের দিকনির্দেশনায় বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” শীর্ষক দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থান গ্রহণ করছে। এমন তথ্যের ভিত্তিতে গত ৭ অক্টোবর (বুধবার) রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দ্রুত সুন্দরবনের গহিন জঙ্গলে পালিয়ে যায়। ফলে কাউকেই হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬টি একনলা বন্দুক, ৩টি এয়ারগান, ১টি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
এ বিষয়ে ব্রিফিং প্রদানকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেঃ কমান্ডার শওকত আহমেদ, (এক্স), বিএন আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের সঠিক নির্দেশনা, স্থানীয় জনগণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় খুব শীঘ্রই সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top