ফেনী-১ (ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী) আসনে চলমান লোডশেডিংয়ের কারণে জনদুর্ভোগ কমাতে তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। তাঁর হস্তক্ষেপে এ তিন উপজেলার জন্য অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার ছাগলনাইয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্থানীয় লোডশেডিং পরিস্থিতি তুলে ধরে দ্রুত বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর অনুরোধ জানান সাংবাদিকরা।
বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সভাস্থল থেকেই বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে ফোনে কথা বলেন এমপি মজনু এবং ফেনী-১ আসনের জন্য অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দের অনুরোধ জানান।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ ছাগলনাইয়া জোনাল অফিসের ডিজিএম জানান, মঙ্গলবার থেকে ফেনী-১ আসনের জন্য অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়া উপজেলায় ২ মেগাওয়াট এবং ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, অতিরিক্ত এই বিদ্যুৎ বরাদ্দের ফলে তিন উপজেলায় লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।




