মাগুরায় যুবদল নেতা হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, পুলিশের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম

মাগুরায় পৌর যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে মাগুরা শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি মধুমিতা সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিহত শাকের হোসেন মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত বুধবার (২১ অক্টোবর) ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।

সমাবেশে মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। জেলা ছাত্রদলের নেতা শফিকুল ইসলামও বক্তব্য দেন। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন এবং আসামিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে একাধিক দল কাজ করছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top