বনদস্যু দমনে কোস্টগার্ডের সফল ভূমিকা সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধান সহ ১২ সক্রিয় বনদস্যু। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) সকালে আত্মসমর্পণকৃত এসব বনদস্যুদের কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কার্যালয় মোংলার দিগরাজে নিয়ে আসা হয় । পরে সেখানে তারা কোস্টগার্ড এর কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন।

পরে বিসিজিএস কামরুজ্জামানের নির্বাহী কর্মকর্তা কমান্ডার মো. মানসুরুন মাহ্‌দীন প্রেস ব্রিফিং করে বলেন, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকায় নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়লসহ ১২ জন সক্রিয় ডাকাত আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে একটি এইট শুটার, একটি সিক্স শুটার, একটি ফোর শুটার, একটি সাইড হেমার, একটি বোল্ট অ্যাকশন পিস্তল, দুটি এমথ্রি গ্যাস গান, দুটি ৭.৬৫ মি.মি. পিস্তল, দুটি ওয়ান শুটার ও দুটি এয়ারগান উদ্ধার করা হয়। এ ছাড়া ২১২ রাউন্ড তাজা কার্তুজ, ২৯ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২০ রাউন্ড ৭.৬৫ মি.মি. পিস্তল বল, ৫ রাউন্ড ৮ মি.মি. তাজা গোলা, ৪১৩ রাউন্ড এয়ারগানের গোলা, চারটি পিস্তল ম্যাগাজিন, দুটি এয়ারগান ম্যাগাজিন এবং চার্জারসহ ছয়টি ওয়াকিটকি জমা দেয়।

তিনি আরো বলেন, আত্মসমর্পণকারীদের মধ্যে বাহিনী প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমত (৩৬), সাইফুল্লাহ মোড়ল (৩৯), এখলাছুর রহমান (৩৮), রবিউল ইসলাম (৩৫), মফিজুল ইসলাম (৩৫), আজিম উদ্দিন গাজী (৩৭) ও আব্দুর রহমান শেখ (৩৬) খুলনার পাইকগাছা ও ডুমুরিয়া এলাকার বাসিন্দা। শফিকুল ইসলাম (৫৩), মিন্টু গাজী (৩৯), আজিজুল গাজী (৩৫) ও শাহজাহান মালী (৩৫) সাতক্ষীরার শ্যামনগর এবং আজিজুর রহমান (৪৫) বাগেরহাটের রামপাল এলাকার বাসিন্দা।

সরকারের নির্দেশনায় সুন্দরবনের সক্রিয় বনদস্যু নির্মূল ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলছে। এসব অভিযানে এ পর্যন্ত বিপুল অস্ত্র-গোলাবারুদসহ ২৯ জন বনদস্যুকে আটক করা হয়েছে। একই সঙ্গে দস্যুদের হাতে জিম্মি থাকা ৪২ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা সহায়তা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জব্দ অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বনদস্যু দমনে কোস্টগার্ডের সফল ভূমিকা সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ

কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধান

Scroll to Top