বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁদ পেতে ছিনতাই, গ্রেপ্তার ২

উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া মোটরসাইকেল

নওগাঁর বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রলুব্ধ করে ডেকে এনে ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিয়াম (১৮) ও রোহিত (১৮)। নওগাঁর পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের নির্দেশনায় বদলগাছী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের হট শাপিলা গ্রামের বসাকপাড়া এলাকার কেওড়াতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে মোঃ হুমায়ুন কবির (৪৫) ওই এলাকায় মোটরসাইকেল নিয়ে গেলে সিয়াম, রোহিতসহ আরও কয়েকজন তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় তাঁকে মারধর করে একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

ঘটনার পর ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এ ঘটনায় বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়।

মামলার পর পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। একই অভিযানে সিয়াম ও রোহিতকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ রয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে পুরুষদের সঙ্গে পরিচিত হতেন। পরে কৌশলে তাদের নির্দিষ্ট স্থানে ডেকে এনে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতেন।

পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয়ের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। অনলাইনে পরিচিত কোনো ব্যক্তির প্ররোচনায় নির্জন বা অপরিচিত স্থানে যাওয়ার আগে প্রয়োজনীয় যাচাই-বাছাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top