পৌনে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের পিছের মুখ থেকে মোহাজিরাবাদ এলাকার বাসিন্দারা। দ্রুত সড়ক সংস্কারকাজ শুরু ও নির্ধারিত সময়ে তা সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় ‘এলাকাবাসী’র ব্যানারে পিছের মুখ-মোহাজিরাবাদ সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কের সংস্কারকাজ বন্ধ রয়েছে। ফলে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে কাদা ও পানি জমে চলাচল কঠিন হয়ে পড়ে। প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করলেও বর্তমানে সড়কটি দিয়ে যানবাহন চলাচল প্রায় দুর্ভোগে পরিণত হয়েছে।
তারা বলেন, সড়কটি শ্রীমঙ্গলের পর্যটন, চা-শিল্প ও কৃষিপণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও চলাচল করেন। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে জরুরি রোগী, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, প্রায় পৌনে ৬ কোটি টাকার সরকারি প্রকল্পের কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সম্পন্ন হয়নি। কাজের অগ্রগতি মাত্র ২০ শতাংশের মতো। দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখে দেওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।
এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুততম সময়ের মধ্যে সড়কের সংস্কারকাজ পুনরায় শুরু, নির্মাণকাজ চলাকালে মানুষের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার দাবি জানান।
এর আগে কাজ বন্ধ রাখার ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তিন কার্যদিবসের মধ্যে লিখিত কর্মপরিকল্পনা জমা না দিলে জামানত বাজেয়াপ্ত, চুক্তি বাতিল এবং প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি অর্থে গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজ শুরু করে দীর্ঘদিন ফেলে রাখায় জনগণের দুর্ভোগ আরও বেড়েছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সড়কটির কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন থেকে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সড়কের কাজ শুরু না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।




