দিনাজপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এ লক্ষ্যে আগামী তিন মাসজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম, সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন বিশেষ কর্মসূচি পরিচালনা করা হবে। একই সঙ্গে বাড়িঘর ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হবে।
পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একটি সচেতনতামূলক র্যালিতে অংশ নেন।




