জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করছে না মালয়েশিয়া সরকার। তাকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলেও জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, ভারত ও মালয়েশিয়ার মধ্যে ২০১০ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং দেশটির ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধান বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাকির নায়েককে ভারতে পাঠানোর বিষয়ে নতুন করে কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদনও পায়নি তার সরকার। সংসদে দেওয়া লিখিত বক্তব্যে তিনি বলেন, জাকির নায়েককে প্রত্যর্পণ না করার বিষয়ে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত রয়েছে। ফলে তাকে ভারতের কাছে হস্তান্তরের কোনো প্রতিশ্রুতিও দেওয়া হয়নি।

পার্লামেন্ট সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাকির নায়েককে ফেরত চেয়ে ভারতের সর্বশেষ আনুষ্ঠানিক আবেদন কবে এসেছে এবং দেশটির দেওয়া তথ্য-প্রমাণ মালয়েশিয়ার প্রচলিত আইন ও দুই দেশের চুক্তির শর্ত পূরণ করে কি না, তা জানতে চেয়েছিলেন ওই সংসদ সদস্য।

প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার ২০১৮ সালের ১৯ জানুয়ারি প্রথম আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানায়। পরবর্তী সময়ে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোট পাঠিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় নয়াদিল্লি।
এরপর গত সেপ্টেম্বরে বিষয়টি নিয়ে মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে জাকির নায়েকের প্রত্যর্পণ প্রসঙ্গ আলোচনায় এসেছিল বলে সংবাদ প্রকাশিত হলে এ নিয়ে ব্যাখ্যা দাবি করেন দেশটির বিরোধী দলের নেতারা।

মালয়েশিয়ার বিরোধী দল পাসের মহাসচিব দাতুক সেরি তাকিউদ্দিন হাসান দুই প্রধানমন্ত্রীর বৈঠকে এ বিষয়ে কী আলোচনা হয়েছে এবং কোনো সমঝোতা হয়েছে কি না, তা প্রকাশ করার আহ্বান জানান। একই সঙ্গে ভারতের দেওয়া তথ্য-প্রমাণ মালয়েশিয়ার প্রত্যর্পণ আইনের শর্ত পূরণ করে কি না, সেটিও স্পষ্ট করার দাবি তোলেন তিনি।
অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে ভারত সরকার জাকির নায়েককে দেশে ফিরিয়ে নিতে চায়। তবে এসব অভিযোগের বিষয়ে ভারতের অবস্থান এবং মালয়েশিয়ার আইনি প্রক্রিয়ার মধ্যে পার্থক্য রয়েছে।

সবশেষে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আবারও স্পষ্ট হয়েছে, জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক না পেয়ে অপেক্ষায় স্বাস্থ্যমন্ত্রী, ২ নার্সের বদলির নির্দেশ

 মাদারীপুরের কালকিনি উপজেলা  ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শনে আসেন

Scroll to Top