ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা বিএনপির কার্যালয়ে চরভদ্রাসন উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কমিটির সদস্যসচিব আব্দুল কুদ্দুস (ভিপি বাদশা) এবং উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান শিকদার। প্রস্তুত কমিটির সদস্য গোলাম মোস্তফা সাবেক যুবদল ইউপি সদস্য ফজলুর রহমান খান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সভাপতি কামরুল হাসান ফিরোজ, উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল ওহাব মোল্লা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম রেজা, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আল আমিন মোল্লা, যুবনেতা আব্দুল আলিম, জাফর মণ্ডল, আসাদুজ্জামান কাঞ্চন, পিএম কামরুল হাসান ও সাইদুর রহমান নাঈমসহ স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভায় যুবদলের নেতারা মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, যুবদলের কোনো নেতাকর্মী ও সমর্থক যেন মাদকের সঙ্গে জড়িত না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের কথাও জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, এলাকার উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবদলকে সম্পৃক্ত রাখার পাশাপাশি প্রশাসনের উন্নয়ন উদ্যোগে সহযোগিতার সুযোগ সৃষ্টি করতে হবে। সমাজের ইতিবাচক পরিবর্তনে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে যুবদলের লোগো ও পতাকাসংবলিত কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




