ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন বাড়ছে রোগীর চাপ। অতিরিক্ত রোগীর ভিড়ে হাসপাতালের ভেতরের পাশাপাশি বাইরের বারান্দাতেও তিল ধারণের জায়গা নেই। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে তীব্র গরমে হাসপাতালের বাইরের বারান্দায় অপেক্ষমাণ রোগীদের কষ্ট আরও বেড়েছে। সেখানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না থাকায় অসুস্থ রোগী ও স্বজনদের গরমের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, রোগীর সংখ্যা বাড়লেও সেই তুলনায় অপেক্ষার স্থান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয়। বারান্দায় দ্রুত পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করা হলে গরমের মধ্যে রোগীদের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে জ্বর ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। ফলে চিকিৎসক ও নার্সদের ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবিদ হোসেন বাংলা সময় টিভিকে বলেন, “বর্তমানে হাসপাতালে প্রচুর রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে জ্বর ও ডেঙ্গুর রোগী বেশি আসছেন। রোগীর চাপ সামলাতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। বারান্দায় ফ্যানের খুব জরুরি প্রয়োজন রয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। আশা করছি, খুব দ্রুতই এর সমাধান হবে।
এ অবস্থায় রোগীদের দুর্ভোগ লাঘবে হাসপাতালের বাইরের বারান্দায় দ্রুত পর্যাপ্ত ফ্যান স্থাপন এবং রোগীদের বসার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা।




