ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়বাগ গ্রামে রবিউল ইসলাম (রবি) (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মোক্তার বিশ্বাসের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বড়বাগ গ্রামের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম (রবি) বড়বাগ গ্রামের সাত্তার শেখের ছেলে। আহতরা হলেন একই এলাকার মোক্তার বিশ্বাস ও হৃদয় শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকায় হামলার ঘটনায় রবিউল ইসলাম স্পট ডেট ও দুই জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত মোক্তার বিশ্বাস ও হৃদয় শেখ চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোহেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এদিকে, ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে।




